নাইক্ষ্যংছড়িতে নাশকতাকালে আওয়ামী লীগের ৩ নেতা আটক
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতাকালে ৩ আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক এর নেতৃত্বে সন্ত্রাস ও নাশকতার করার পূর্ব পরিকল্পনার অপরাধে নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৩ জন নেতাকে আটক করেছে।
আটককৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাইক্ষ্যংছড়ি সিরাজুল হক (৬০), নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন ( ৪৩), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল্লাহ ( ৪২)।
আটককৃত উক্ত আওয়ামীলীগ নেতাগণ বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ১১ নভেম্বর সকালে বান্দরবান আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা যায়। জানা গেছে,তাদের বিরুদ্ধে নাশকতাসহ নানান অভিযোগ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: মাসরুরুল হক ৩ আওয়ামীলীগ নেতাকে আটকের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়িতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে মধ্যরাতে নাশকতাকালে আটক করে পুলিশ।
এ ছাড়া দেশকে অস্থিতিশীল করতে নাইক্ষ্যংছড়িতে আরও বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































